অস্ত্রোপচারের মতো একটি কঠিন মুহূর্তেও সুরের মূর্ছনায় নিজেকে শান্ত রাখলেন ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম। সম্প্রতি অস্ত্রোপচারের টেবিলে শুয়েই তিনি মোহাম্মদ রফির কালজয়ী একটি গান গেয়ে শোনান, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, সনু নিগম অস্ত্রোপচারের টেবিলে শুয়ে ১৯৪৯ সালের ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢাল চুকি, না জানে তুম কব আওগে’ গাইছেন। তিনি এই গানটি উৎসর্গ করেছেন তার চিকিৎসক ডা. নীলেশ সৎভাই এবং তাকে সেবা প্রদানকারী পুরো মেডিকেল টিমকে।
ভিডিওর ক্যাপশনে সনু নিগম লিখেছেন, অস্ত্রোপচারের সময় প্রিয় ডা. নীলেশ সৎভাই এবং তার যত্নশীল টিমের জন্য এটি একটি তাৎক্ষণিক পরিবেশনা। ব্যথার মধ্যেও গান গাওয়ার আনন্দই আলাদা। তার এই ভিডিওটি দেখার পর সংগীত ও চলচ্চিত্র জগতের সহকর্মীসহ অসংখ্য ভক্ত তাকে দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।
তবে ঠিক কী কারণে তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই গায়ক। এর আগে জুন মাসে তিনি জনসমক্ষে তার স্নায়ুজনিত সমস্যার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, তার স্নায়ুগুলোতে প্রচণ্ড চাপ অনুভব করছেন এবং দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন।
সেই সময় সনু নিগম জানিয়েছিলেন, চিকিৎসকরা তার একাধিক এমআরআই ও সিটি স্ক্যান করেছেন এবং নিয়মিত ওষুধ সেবন করছেন। এছাড়া ঘাড়ের কাছে একটি প্যাচ লাগিয়ে থাকার কথাও জানিয়েছিলেন তিনি, যার ফলে তার গলায় ভারী অনুভূতি হচ্ছিল।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, স্নায়ুর সমস্যার কারণে তাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক ফিজিওথেরাপি নিতে হচ্ছে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়ায় নিয়মিত ব্যথানাশক ওষুধ সেবন করতে হচ্ছে। তবে সাম্প্রতিক এই অস্ত্রোপচার বা তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আর কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
সূত্র: গালফ নিউজ
































