অতীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে এ দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্য থেকে এটি স্পষ্ট যে, বাংলাদেশ বিষয়টি অত্যন্ত দৃঢ়ভাবে ভারতের কাছে উপস্থাপন করেছে। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার সাম্প্রতিক বক্তব্যের পর বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
ভারতের পক্ষ থেকে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হলেও, বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন থেকেই যায়। তথ্য উপদেষ্টা মনে করেন, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারতের দিক থেকে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে হওয়া উচিত নয়, বরং তা হওয়া উচিত এ দেশের জনগণের সঙ্গে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন সরকারের এই নীতিনির্ধারক।
সূত্র: Dhaka Post




























