জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন সিরিজ 'দ্য অফিস'-এর তারকা অভিনেত্রী লুসি ডেভিস জানিয়েছেন তিনি চতুর্থ স্টেজের (Stage 4) স্তন ক্যান্সারে আক্রান্ত। ৫৩ বছর বয়সী এই অভিনেত্রী এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে জানান, তার এই ক্যান্সার বর্তমানে নিরাময়অযোগ্য এবং এটি তার হাড়ে ছড়িয়ে পড়েছে।
ডেভিস জানান, প্রায় দেড় বছর আগে তার এই রোগ ধরা পড়ে। ক্যান্সারটি তার মেরুদণ্ড, ডান নিতম্ব এবং পাঁজরের হাড়ে ছড়িয়ে পড়েছে (মেটাস্ট্যাসিস)। রোগটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখন আর কেমোথেরাপি দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, প্রথমে যখন স্তনে একটি পিণ্ড বা চাকা অনুভব করেছিলেন, তখন তিনি তা চিকিৎসকের কাছে পরীক্ষা করাতেও চাননি। অনুসারীদের সতর্ক করে তিনি বলেন, "কোনো কিছুকেই অবহেলা করবেন না।" রোগটি নিরাময়যোগ্য না হলেও জীবনের বাকি দিনগুলো যতটা সম্ভব আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান তিনি।
শারীরিক কষ্টের কথা উল্লেখ করে ডেভিস বলেন, বর্তমানে তার সোজা হয়ে দাঁড়াতে ও হাঁটতে কষ্ট হয়। তীব্র ব্যথার কারণে মাঝে মাঝে তাকে হুইলচেয়ারও ব্যবহার করতে হয়। তবে এই কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন তিনি। তার ভাষায়, "যেকোনো নেতিবাচক পরিস্থিতির মধ্যেও আমি শিক্ষণীয় কিছু খোঁজার চেষ্টা করি। ক্যান্সারও আমাকে হতাশ করেনি; এটি থেকে আমি অনেক কিছু শিখেছি এবং সে জন্য আমি কৃতজ্ঞ।" এই লড়াইয়ে হাস্যরসকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি। বন্ধুদের উদ্দেশ্যে তার অনুরোধ ছিল, তারা যেন তাকে নিয়ে যতটা সম্ভব মজা করে এবং তাকে কোনো 'অসুস্থ মানুষ' হিসেবে বিবেচনা না করে।
ভবিষ্যতের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন না জানিয়ে এই অভিনেত্রী বলেন, তিনি সম্পূর্ণ শান্তিতে আছেন। নিজের প্রয়াত পোষা কুকুর গ্রেসির কথা স্মরণ করে তিনি বলেন, "খুব দ্রুতই গ্রেসির সাথে আমার দেখা হবে। আমার কাছে এই নশ্বর দেহ ত্যাগ করা মানে নিজের ঘরে ফিরে যাওয়া। যত কষ্ট ও শোক তা কেবল আমার পরিবারের জন্য।" এই শারীরিক অসুস্থতার মধ্যেও পশু অধিকার রক্ষা সংক্রান্ত নিজের সামাজিক কাজ এবং অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, যা তার জীবনের অন্যতম বড় আনন্দের উৎস। একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া অন্যদের প্রতিও তিনি শুভকামনা জানিয়েছেন।
ব্রিটিশ কৌতুক অভিনেতা জ্যাসপার ক্যারটের মেয়ে লুসি ডেভিস ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রচারিত 'দ্য অফিস' সিরিজের ইউকে সংস্করণে 'ডন টিনসলি' চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তার এই চরিত্রটি এবং মার্টিন ফ্রিম্যানের চরিত্র তিমের সাথে তার রসায়ন পরবর্তীতে ২০০৫ সালে শুরু হওয়া মার্কিন সংস্করণে জেনা ফিশারের 'প্যাম বিজলি' চরিত্রটিকে অনুপ্রাণিত করেছিল। এছাড়া ডেভিস ২০০৪ সালের হরর-কমেডি চলচ্চিত্র 'শন অব দ্য ডেড', ২০১৭ সালের 'ওয়ান্ডার ওম্যান' এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নেটফ্লিক্সের 'চিলিং অ্যাডভেঞ্চারস অব সাবরিনা' সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।






























