যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া নিয়ে বড় ধরনের কূটনৈতিক জটিলতায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে যোগ্য ও প্রভাবশালী কোনো প্রার্থী খুঁজে পাচ্ছেন না তিনি। এমনকি যাদের এই পদের জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে, তাদের অনেকেই এই দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনে ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত ওলহা স্তেফানিশিনাকে সরিয়ে দেওয়ার পর থেকেই পদটি শূন্য রয়েছে। এই শূন্যতা পূরণে জেলেনস্কি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকোকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে স্ভিরিদেনকো সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই এর আগে স্ভিরিদেনকোর ওপর তার গভীর আস্থার কথা জানিয়েছিলেন। তিনি ওয়াশিংটনে এমন একজনকে পাঠাতে চেয়েছিলেন, যার উপ-প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী পর্যায়ের বড় রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তার সেই প্রত্যাশা পূরণ হয়নি।
স্ভিরিদেনকোর পর অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও এই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ দেখাচ্ছেন। এ বিষয়ে ইউক্রেনের সাবেক উপপ্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী আইনপ্রণেতা ইভানা ক্লিমপুশ-ৎসিনৎসাদজে মন্তব্য করেছেন। তিনি জানান, পর্যাপ্ত রাজনৈতিক প্রভাব ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা ওয়াশিংটনে কাজ করার প্রয়োজনীয় পরিবেশ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নিয়ে উদ্বিগ্ন। আর এ কারণেই তারা এই দায়িত্ব নিতে দ্বিধাবোধ করছেন।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের এই সংবেদনশীল সময়ে ওয়াশিংটনে একজন শক্তিশালী রাষ্ট্রদূত থাকা ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি। কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতা আদায়, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন টেবিলে রয়েছে।
ইউক্রেনের বিরোধী আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ইউরচিশিন মনে করেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জেলেনস্কি হয়তো নতুন কাউকে এই পদে নিয়োগ দেবেন না। তার মতে, নির্বাচনের পর ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা দেখেই নতুন রাষ্ট্রদূত নির্বাচন করা জেলেনস্কির জন্য সহজ হবে। যোগ্য প্রার্থীর অভাব এবং রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে যুদ্ধের এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের কূটনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে এক বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।





























