সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে নিরাপত্তা বাহিনীর একটি বাসে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। আল-ইখবারিয়া টেলিভিশনের তথ্য অনুযায়ী, শনিবার দামেস্কের গ্রামাঞ্চলে মারুনাহ-আল-তাল সড়কে এই হামলার ঘটনা ঘটে। এতে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। ঘটনার পর থেকে নিরাপত্তা কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব ও জর্ডান। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় একে 'সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করে সিরিয়ার সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সিরিয়া সরকারের গৃহীত সব পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছে রিয়াদ।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জর্ডান স্পষ্ট জানিয়েছে যে, তারা সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে।
সিরিয়ায় নতুন প্রশাসন যখন দামেস্কসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময়েই এই হামলার ঘটনা ঘটল। দেশটির কর্তৃপক্ষের দাবি, পুরনো শাসন আমলের কিছু গোষ্ঠী সিরিয়ার এই রূপান্তরকালীন সময়ে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি নস্যাৎ করার চেষ্টা করছে।





























