প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় পর্যায়ের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ নিচে নেমে যাওয়ার মধ্যে নতুন এক তথ্য সামনে এসেছে। ইউগভ এবং দ্য ইকোনমিস্টের এক প্রজেকশন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৭টিতেই প্রেসিডেন্টের কাজের অনুমোদনের হার নেতিবাচক। এছাড়া ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াতেও একই চিত্র দেখা গেছে।
জরিপ অনুযায়ী, মাত্র তিনটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্টের কাজের প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন রয়েছে। এই তিনটি অঙ্গরাজ্য হলো ওয়াইওমিং (+১৪), আইডাহো (+৯) এবং ওয়েস্ট ভার্জিনিয়া (+৬)। লক্ষণীয় যে, ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই তিনটি অঙ্গরাজ্যই ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছিল।
অন্যদিকে, ট্রাম্পের প্রতি সবচেয়ে বেশি নেতিবাচক মনোভাব দেখা গেছে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াতে, যেখানে তার নেট অনুমোদনের হার -৮৩। এরপরই রয়েছে মেরিল্যান্ড এবং ভার্মন্ট, যেখানে এই হার -৫০। উল্লেখ্য যে, এই তিনটি এলাকা ঐতিহাসিকভাবে ডেমোক্রেটিক দলের শক্ত ঘাঁটি এবং ২০২৪ সালের নির্বাচনে তারা সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছিল।
দেশজুড়ে ট্রাম্পের এই নিম্নমুখী জনপ্রিয়তা জাতীয় পর্যায়ের জনমত জরিপগুলোতেও স্পষ্ট। ১৭ আগস্ট প্রকাশিত রয়টার্স/ইপসোস-এর নতুন জরিপ অনুসারে, মাত্র তিনজনের মধ্যে একজন আমেরিকান ট্রাম্পের কাজের প্রশংসা করেছেন। ২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর থেকে রয়টার্স/ইপসোস ট্র্যাকিংয়ে এটিই তার সর্বনিম্ন অনুমোদনের হার।
ট্রাম্পের এই নেতিবাচক জনপ্রিয়তার পেছনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার বিষয়ে আমেরিকানদের উদ্বেগ একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ১৭ আগস্টের ওই একই জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্রের ইরান সংশ্লিষ্টতা দীর্ঘ সময় ধরে চলবে। এই উদ্বেগের তালিকায় ৮৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭১ শতাংশ রিপাবলিকান সমর্থক রয়েছেন।
২১ আগস্ট শুক্রবার এই বিষয়ে হোয়াইট হাউসের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।





























