ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল ও কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক দ্বার উন্মোচন করেন সেনাপ্রধান। নতুন এই দুটি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এর মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে বাহিনীটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার (এমসিএসকে) আদলে ফরিদপুরে এমসিএসএফ প্রতিষ্ঠা করা হয়েছে, যা শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে।
একইভাবে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী। এই দুটি প্রতিষ্ঠান সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানসমূহে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান দুটির শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।






























