ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। দুই দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তাঁর মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নিতে এবং সেখানে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলা প্রয়োজন। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে এসে ক্রিকেটারদের জন্য মানিয়ে নেওয়া কঠিন ছিল বলে মনে করেন তিনি।
ম্যাকাই টেস্টের পর সাংবাদিকদের শান্ত বলেন, "সত্যি বলতে, এই পারফরম্যান্স হতাশাজনক। তবে আমার মনে হয় টস একটা বড় ভূমিকা পালন করেছে, বিশেষ করে প্রথম ইনিংসে ব্যাটিং করা বেশ কঠিন ছিল। তিনটি ইনিংসই কঠিন ছিল, তবে এটি কোনো অজুহাত হতে পারে না; আমরা ভালো ব্যাটিং করিনি। তারা দারুণ বোলিং করেছে এবং চ্যালেঞ্জটা সেখানেই ছিল। আমাদের এখনো কিছু টেকনিক্যাল জায়গায় উন্নতি করতে হবে।"
২০০৩ সালের পর এটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সফর। দীর্ঘ ২৩ বছরের এই বিরতি খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, "২৩ বছর পর আমরা এখানে এসেছি। এই কন্ডিশনে এত শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করা সহজ নয়। আমরা যদি এখানে নিয়মিত আসতে পারি, তবে খেলোয়াড়রা এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা পাবে এবং তাদের অভিজ্ঞতা বাড়বে।"
শান্ত আরও যোগ করেন, "আমাদের দলের প্রায় ৯০ শতাংশ খেলোয়াড়ই এখানে আগে কখনো খেলেনি। তারা জানে না কীভাবে এই কন্ডিশন ও বোলিং আক্রমণের বিরুদ্ধে মানিয়ে নিতে হয়। আমার অনুরোধ থাকবে, আমরা যেন এখানে নিয়মিত খেলি। ২৩ বা ২৫ বছর পর নয়, আমরা নিয়মিত এমন কন্ডিশনে খেলতে চাই।"
ম্যাকাইয়ে বড় ব্যবধানে হারলেও ডারউইনে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের সুবাদে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে ৯ নম্বর থেকে রেকর্ড ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা, যা টেস্ট ইতিহাসে তাদের সর্বোচ্চ র্যাঙ্কিং। এছাড়া ৯ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে রয়েছে।
র্যাঙ্কিংয়ের এই উন্নতিকে 'বিশাল অর্জন' হিসেবে অভিহিত করে শান্ত বলেন, "অবশ্যই এটি দারুণ খবর। টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে ওঠা অনেক বড় অর্জন। তবে আমরা যদি এই টেস্ট ম্যাচে আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম, তাহলে এটি আরও আনন্দের হতো।"






























