ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নতুন একটি চার্জ আরোপের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং, বিদ্যুতের হিসাব-নিকাশ এবং আন্তঃসীমান্ত বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির ব্যয় মেটানোর লক্ষ্যে 'সেটেলমেন্ট নোডাল এজেন্সি' (এসএনএ) চার্জ নামে এই নতুন চার্জ যুক্ত করা হচ্ছে। বিদ্যুতের মূল দাম বা ট্যারিফের বাইরে অতিরিক্ত হিসেবে এই চার্জ কার্যকর হবে।
প্রস্তাব অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ০.০০৫ ভারতীয় রুপি এসএনএ চার্জ আরোপ করা হবে। ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে এই সংক্রান্ত চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৮ আগস্ট বিদ্যুৎ বিভাগ থেকে অর্থ বিভাগের কাছে এই চুক্তির বিষয়ে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
অর্থ বিভাগের একজন কর্মকর্তার তথ্যমতে, ভারত শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১ ভারতীয় পয়সা চার্জ দাবি করেছিল। পরবর্তীতে বিপিডিবি আলোচনার মাধ্যমে চার্জের হার প্রতি ইউনিটে ০.০০৫ রুপি বা আধা পয়সায় নামিয়ে আনে। এই চার্জ নির্ধারণের ক্ষেত্রে নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের বিদ্যুৎ বাণিজ্যে বর্তমানে প্রযোজ্য চার্জের হারকে বিবেচনায় নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ভারতের বিদ্যুৎ আইন অনুযায়ী এই চুক্তি সম্পাদন করা প্রয়োজন। যদি চুক্তি স্বাক্ষর করতে দেরি হয়, তবে ভারত থেকে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিপিডিবির লিখিত অনুরোধের প্রেক্ষিতে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের (সিইআরসি) কাছে এই চার্জ নির্ধারণের প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে।






























