অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় অবিলম্বে একটি 'আন্তর্জাতিক সুরক্ষা উপস্থিতি' বা সুরক্ষাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তিনি এই পদক্ষেপটিকে অত্যন্ত জরুরি হিসেবে বর্ণনা করেছেন।
আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) জুলাই ২০২৪ সালের একটি পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করেছেন। সেই মতামতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে, তৃতীয় কোনো দেশেরই এই দখলদারিত্ব বজায় রাখতে সহায়তা করা উচিত নয়। আলবানিজের ভাষ্যমতে, আইসিজে-র নির্দেশ অনুযায়ী ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্ব অবসানে পদক্ষেপ নেওয়া অন্যান্য দেশের জন্য একটি বাধ্যবাধকতা।
এই সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অচলাবস্থা নিরসনে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কূটনৈতিক প্রচেষ্টা এবং সাধারণ পরিষদের 'ইউনাইটিং ফর পিস' বা শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন আলবানিজ। মূলত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবের কারণে যখন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না, তখন সাধারণ পরিষদ এই প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো বিবেচনা করতে পারে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের বিষয়ে নিরাপত্তা পরিষদ বারবার কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।






























