ইউএস নিউজ তাদের ২০২৬ সালের সামগ্রিক সেরা অঙ্গরাজ্যের র্যাঙ্কিং প্রকাশ করেছে। ২৭ জুলাইয়ের সপ্তাহে প্রকাশিত এই তালিকায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যকে আটটি ভিন্ন ক্যাটাগরিতে বিশ্লেষণ করা হয়েছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনীতি, অবকাঠামো, সুযোগ-সুবিধা, আর্থিক স্থিতিশীলতা, প্রাকৃতিক পরিবেশ এবং অপরাধ ও সংশোধনমূলক ব্যবস্থা।
তালিকায় এবছর সেরা পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে রয়েছে ইউটা, সাউথ ডাকোটা, মিনেসোটা, নর্থ ডাকোটা এবং নেব্রাস্কা। এর বিপরীতে তালিকার একদম নিচের দিকে থাকা রাজ্যগুলোর মধ্যে রয়েছে আরকানসাস, মিশিগান, নিউ মেক্সিকো, মিসিসিপি, আলাস্কা এবং লুইজিয়ানা।
সামগ্রিকভাবে ইউটা এই তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। অঙ্গরাজ্যটি অর্থনীতি এবং আর্থিক স্থিতিশীলতায় দ্বিতীয়, অবকাঠামোতে চতুর্থ, শিক্ষায় ষষ্ঠ এবং অপরাধ ও সংশোধনমূলক ব্যবস্থায় সপ্তম অবস্থানে রয়েছে। তবে স্বাস্থ্যসেবায় ১৮তম, সুযোগ-সুবিধায় ২৪তম এবং প্রাকৃতিক পরিবেশে ৪৮তম অবস্থানে রয়েছে রাজ্যটি।
তালিকার ৫০তম অর্থাৎ সর্বশেষ অবস্থানে রয়েছে লুইজিয়ানা। রাজ্যটি আর্থিক স্থিতিশীলতায় ৪৩তম, স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধায় ৪৫তম, অবকাঠামো ও শিক্ষায় ৪৬তম এবং অর্থনীতি ও প্রাকৃতিক পরিবেশে ৪৯তম স্থানে রয়েছে। এছাড়া অপরাধ ও সংশোধনমূলক ব্যবস্থায় রাজ্যটি ৫০তম অবস্থানে রয়েছে।
র্যাঙ্কিং নির্ধারণের জন্য ইউএস নিউজ মোট ৭১টি মেট্রিক বিশ্লেষণ করেছে। কিছু ক্যাটাগরিকে অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে; যেমন অপরাধ ও প্রাকৃতিক পরিবেশের চেয়ে শিক্ষা এবং স্বাস্থ্যসেবাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে রাজ্যগুলোকে ১০০ পয়েন্টের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে, যেখানে সেরা রাজ্যকে ১০০ এবং সর্বনিম্ন রাজ্যকে শূন্য পয়েন্ট দেওয়া হয়েছে।
পয়েন্ট-ভিত্তিক এই মূল্যায়নের পাশাপাশি ইউএস নিউজ ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে সারা দেশের ৫৬,০০০-এর বেশি মানুষের ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপের মাধ্যমে তারা বিভিন্ন ক্যাটাগরিতে নিজ নিজ অঙ্গরাজ্যের পারফরম্যান্স নিয়ে বাসিন্দাদের সন্তুষ্টির মাত্রা যাচাই করেছে।































