রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ার-এর যৌথ উদ্যোগে রক্তরোগ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং কিডনী প্রতিস্থাপনের সর্বশেষ অগ্রগতি বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই ২০২৬ তারিখে হাসপাতালের লেকচার গ্যালারি-১ এ আয়োজিত এই সেমিনারে ভারতের ম্যাক্স হেলথকেয়ার-এর হেমাটো-অনকোলজি এন্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর ডাঃ সত্যরঞ্জন দাস এবং নেফ্রোলজি এন্ড কিডনি ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর ডাঃ অনিল প্রসাদ ভাট মূল প্রবন্ধ ও প্রযুক্তিগত তথ্য উপস্থাপন করেন।
সেমিনারে বক্তারা বোন ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্তরোগ এবং আধুনিক কিডনী ট্রান্সপ্লান্টেশনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, বৈশ্বিক চিকিৎসা পদ্ধতি ও বৈজ্ঞানিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষজ্ঞরা এ সময় মত প্রকাশ করেন যে, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনী ও বোন ম্যারো প্রতিস্থাপন মানুষের আয়ু বৃদ্ধি এবং রোগীদের সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী তার স্বাগত বক্তব্যে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি একই সাথে ভবিষ্যতে এই হাসপাতালে লিভার, বোন ম্যারো, বোন-জয়েন্টস ও কিডনী ট্র্যান্সপ্ল্যান্ট সেবা চালু করার লক্ষ্যের কথা ঘোষণা করেন।
সেমিনারে প্যানেলিস্ট হিসেবে নেফ্রোলজি ও কিডনী বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ডাঃ রানা মোকাররম হোসেন এবং সহযোগী অধ্যাপক ডা: তোফায়েল আহাম্মদ গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। এছাড়া হেমাটোলজি প্যানেলে লেঃ কর্নেল ডাঃ রুকসানা খানম, ডাঃ ফারহানা ইসলাম নীলা ও ডাঃ মোঃ আখলাক-উল-ইসলাম অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আনিকা মাহবুব এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ উত্তম কুমার পাল। সেমিনারে হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ এ কে মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডাঃ কাজী রফিকুল আলম এবং এইমস হেলথকেয়ারের সিইও মো. মুশফিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। সেমিনারের সার্বিক সমন্বয় করেন ডাঃ আয়েশা সিদ্দীকা এবং আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
































