ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রী মৃত্যুবরণ করেছেন। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)। অমরেন্দ্র নাথ ভৌমিক গ্রামের মৃত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে গবাদিপশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে অমরেন্দ্র নাথ ভৌমিক মেশিনটি চালু করেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে উদ্ধার করতে এগিয়ে আসলে তার স্ত্রী মিনাক্ষি রানীও একই কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা মাটিতে পড়ে যান।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






























