পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নার্সারির ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ঘটনাস্থলে আগুনের তাপ কমানোর জন্য পানি ছিটানোসহ অন্যান্য উদ্ধার কার্যক্রম চালানো হয়েছিল।




























