নেপালে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই দুর্যোগে পর্যটক, ভ্রমণকারী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মীসহ ৬শ ৮০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সরকারি হিসাবে এই নিখোঁজদের তালিকায় ৪৪ জন সেনা সদস্য, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ১৩ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬০ জন বেসামরিক কর্মচারী রয়েছেন।
নেপালের সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ১৯টি সেতু ভেসে গেছে এবং ৪০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৩টি জলবিদ্যুৎ প্রকল্পও বন্যার কবলে পড়ে ধ্বংস হয়েছে।
নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, লেন্দে এবং ভোতেকোশি নদীতে আকস্মিক এই বন্যার কারণ অনুসন্ধানে প্রাথমিক পর্যালোচনা চলছে। প্ল্যানেট ল্যাবস স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্রে দেখা গেছে, নেপাল-চীন সীমান্তের কাছে তুষার ও পাথরের ভূমিধসের কারণে লেন্দে নদীতে এই ধ্বংসাত্মক বন্যার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে দুর্যোগের পূর্ণ প্রভাব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চালিয়ে যাচ্ছে।





























