পবিত্র ঈদে মিলাদুন্নবী (১৪৪৮ হিজরি) উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) আবুধাবিতে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কিউ-মোবিলিটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এদিন সাস আল নাখল, আল মাকতা, রাবদান এবং সাদিয়াত টোল গেটগুলোতে কোনো মাশুল দিতে হবে না। তবে আল কুরম ও ঘানতুত টোল গেটগুলো যথারীতি ২৪ ঘণ্টা সচল থাকবে এবং প্রতিবার পারাপারের জন্য ৪ দিরহাম হারে টোল প্রযোজ্য হবে। শনিবার থেকে সব টোল গেটে স্বাভাবিক নিয়মে মাশুল আদায় শুরু হবে।
একই দিনে আবুধাবি আমিরাতজুড়ে পাবলিক পার্কিংও ফ্রি থাকবে। তবে মাল্টি-স্টোরি বা বহুতল পার্কিংয়ের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়; সেখানে নিয়মিত হারে ২৪ ঘণ্টা পার্কিং ফি কার্যকর থাকবে। শনিবার থেকে পার্কিংয়ের ক্ষেত্রেও আগের নিয়ম ও নির্ধারিত ফি পুনরায় চালু হবে।
গ্রাহক সেবার বিষয়ে কিউ-মোবিলিটি জানিয়েছে, শুক্রবার আবুধাবি ও আল আইনে তাদের কাস্টমার সার্ভিস সেন্টারগুলো বন্ধ থাকবে এবং সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে ছুটির দিনগুলোতেও তাদের ওয়েবসাইট, দারব (Darb) অ্যাপ এবং ট্যাম (TAMM) প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪ ঘণ্টা ডিজিটাল গ্রাহক সেবা অব্যাহত থাকবে।
সূত্র: গালফ টুডে































