নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার) প্রদানের ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে এ তথ্য জানা গেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, এই দুর্যোগের ভয়াবহতা ও ব্যাপকতা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, বন্যায় এখন পর্যন্ত অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার টুডে শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, বন্যার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, নিখোঁজ থাকা এসব নাগরিকদের খুঁজে বের করা এখন অত্যন্ত কঠিন বা দুরূহ হয়ে পড়েছে।
নেপালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ২০ জন কর্মকর্তা বর্তমানে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, আগামী কয়েক দিনে সেখানে আরও সহায়তা ও জনবল পাঠানো হবে।






























