পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার কলকাতায় আয়োজিত এক সমাবেশকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, ওই সমাবেশে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের কাজে বাধা দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেছেন যে, সমাবেশে আদালতের নির্ধারিত সময়সীমা অতিক্রম করা হয়েছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আদালতের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী, ক্যাথিড্রাল রোডের ওই অনুষ্ঠানে রাস্তার একপাশ খোলা রাখার কথা ছিল। তবে সমাবেশে অতিরিক্ত জনসমাগমের কারণে রাস্তার উভয় লেনই বন্ধ হয়ে যায়। এছাড়া দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভার অনুমতি থাকলেও নির্ধারিত সময়ের পরেও কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে মমতা ও অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে।
এর আগে শুক্রবারের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, চার মাসের শাসনেই মানুষ বর্তমান রাজ্য বিজেপি সরকারের ওপর অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এবং সভা করতে বাধা দেওয়া হচ্ছে। মমতা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজেপির পতন আসন্ন এবং খুব শিগগিরই তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরবে।
উল্লেখ্য, এই কর্মসূচির অনুমতির জন্য তৃণমূল ছাত্র সংগঠনকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। আদালত কিছু শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি প্রদান করেছিল, যা লঙ্ঘনের অভিযোগেই এখন মমতা ও উদ্যোক্তাদের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর রুজু করা হয়েছে।
এর ২৪ ঘন্টার মধ্যে বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ।































