যুক্তরাষ্ট্রে অবসরে যাওয়ার প্রকৃত বয়স ঠিক কত, তা নিয়ে অনেক মার্কিন নাগরিকই বিভ্রান্তিতে পড়তে পারেন। কেউ চাইলে ৬২ বছর বয়সে সামাজিক নিরাপত্তা (সোশ্যাল সিকিউরিটি) সুবিধার জন্য আবেদন করতে পারেন, আবার ৬৫ বছর বয়সে পাওয়া যায় সরকারি চিকিৎসা বীমা বা মেডিকেয়ার সুবিধা। তবে সোশ্যাল সিকিউরিটির পূর্ণ সুবিধা পেতে হলে বয়স হতে হবে ৬৭ বছর, আর এই সুবিধার সর্বোচ্চ পরিমাণ পেতে অপেক্ষা করতে হয় ৭০ বছর পর্যন্ত।
একাধিক গবেষণা অনুযায়ী, গড়ে অধিকাংশ মার্কিন নাগরিক মূলত ৬২ বছর বয়সেই অবসরে যান। এমপ্লয়ি বেনিফিট রিসার্চ ইনস্টিটিউট (ইবিআরআই) এবং ট্র্যান্সআমেরিকা সেন্টার ফর রিটায়ারমেন্ট স্টাডিজের বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে। তবে বোস্টন কলেজের গবেষকরা আদমশুমারির তথ্যের ওপর ভিত্তি করে জানিয়েছেন, নারীদের ক্ষেত্রে অবসরের গড় বয়স ৬২.৬ বছর এবং পুরুষদের ক্ষেত্রে তা ৬৪.৬ বছর।
আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যান্ড্রু বিগস এই বছরের শুরুতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রকৃতপক্ষে অবসরের নির্দিষ্ট কোনো বয়স নেই। এটি এমন কোনো বিষয় নয় যে তা আগে থেকেই নির্ধারিত রয়েছে এবং আমরা তা এখনো আবিষ্কার করতে পারিনি। মূলত এটি একটি অস্পষ্ট ধারণা।
কয়েক দশক আগে অনেক মার্কিন নাগরিক ৬৫ বছর বয়সকে অবসরের স্বাভাবিক সময় মনে করতেন। ১৯৮০-এর দশক পর্যন্ত সোশ্যাল সিকিউরিটি পাওয়ার জন্য ৬৫ বছরকেই "স্বাভাবিক" বয়স হিসেবে বিবেচনা করা হতো। একই বয়সে বেশিরভাগ মানুষ মেডিকেয়ারের সুযোগ পেতেন এবং প্রথাগত পেনশনের সুবিধাও এই বয়সেই মিলত। কিন্তু পরবর্তীতে এই হিসাব পাল্টে যায়। ১৯৮৩ সালে সোশ্যাল সিকিউরিটি তহবিল দেউলিয়া হওয়ার সংকটে পড়লে মার্কিন কংগ্রেস আইন পাস করে অবসরের পূর্ণ বয়স ধাপে ধাপে বাড়িয়ে ৬৭ বছর করে। পেনশনের প্রচলন কমে যাওয়ার পাশাপাশি ৪০১(কে) সঞ্চয় ব্যবস্থার উত্থান মানুষকে বেশি বয়স পর্যন্ত কাজ করতে উৎসাহিত করে।
বোস্টন কলেজের সেন্টার ফর রিটায়ারমেন্ট রিসার্চের সিনিয়র উপদেষ্টা অ্যালিসিয়া মুনেলের গবেষণা অনুযায়ী, ১৯৯৪ থেকে ২০২৪ সালের মধ্যে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই অবসরের গড় বয়স প্রায় তিন বছর বৃদ্ধি পেয়েছে। ট্র্যান্সআমেরিকা সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাথরিন কলিনসন এক সাক্ষাৎকারে বলেন, জননীতির দৃষ্টিকোণ থেকে অবসরের এই বিভিন্ন মাইলফলকগুলো খুব শিগগিরই সমন্বিত হবে বলে মনে হয় না।
২০২৬ সালের প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের অবসরের বয়স নির্ধারণে চারটি গুরুত্বপূর্ণ মাইলফলক কাজ করছে।
প্রথম মাইলফলকটি হলো ৬২ বছর। এটি অবসরের প্রথাগত বয়স মনে না হলেও এটিই আমেরিকার সবচেয়ে সাধারণ অবসরের বয়স। ইবিআরআই-এর ওয়েলথ বেনিফিটস রিসার্চের পরিচালক ক্রেগ কোপল্যান্ড জানান, বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে গড় অবসরের বয়স ৬২ বছরই রয়েছে। এই বয়সে সোশ্যাল সিকিউরিটি দাবি করলে পূর্ণ সুবিধার চেয়ে ৩০ শতাংশ কম অর্থ পাওয়া যায়।
দ্বিতীয় মাইলফলকটি হলো ৬৫ বছর। সোশ্যাল সিকিউরিটি প্রশাসন এখন আর ৬৫ বছরকে স্বাভাবিক অবসরের বয়স মনে না করলেও, এই বয়সেই অধিকাংশ মার্কিন নাগরিক মেডিকেয়ার সুবিধার যোগ্য হন। কোপল্যান্ড বলেন, যতদিন মেডিকেয়ারের বয়স ৬৫ থাকবে, ততদিন এটি অবসরের একটি বড় ভিত্তি হিসেবে কাজ করবে।
তৃতীয় মাইলফলকটি হলো ৬৭ বছর। ১৯৬০ বা তার পরে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিকদের জন্য বর্তমানে সোশ্যাল সিকিউরিটির নিয়মে এটিই "স্বাভাবিক" অবসরের বয়স। এই বয়সে আবেদন করলে পূর্ণ সুবিধা পাওয়া যায়। এর আগে আবেদন করলে প্রতি বছরের জন্য সুবিধা কমতে থাকে।
চতুর্থ মাইলফলকটি হলো ৭০ বছর। সোশ্যাল সিকিউরিটির সুবিধা ৬৭ বছরের পর বন্ধ হয়ে যায় না, বরং ৭০ বছর পর্যন্ত প্রতি বছর অপেক্ষা করার জন্য সুবিধা ৮ শতাংশ হারে বাড়তে থাকে। বোস্টন ইউনিভার্সিটির অর্থনীতিবিদ লরেন্স কোটলিকফের মতে, ৬২ বছর এবং ৭০ বছর বয়সে সোশ্যাল সিকিউরিটি নেওয়ার মধ্যে ভাতার পরিমাণের পার্থক্য প্রায় ৭৬ শতাংশ। ফলে সর্বোচ্চ সুবিধা পেতে ৭০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। গবেষক অ্যালিসিয়া মুনেল এক প্রবন্ধে লিখেছেন, ৭০ বছরই এখন অবসরের নতুন ৬৫ বছর।
১৯৯০ সালের পর থেকে গড় অবসরের বয়স বাড়ার পেছনে মানুষের দীর্ঘায়ু হওয়া, সুস্থ থাকা এবং শারীরিক পরিশ্রম কম এমন চাকরিতে যুক্ত হওয়া ভূমিকা রেখেছে। এছাড়া নিয়োগকর্তারা ৬৫ বছরের আগে অবসর নেওয়া কর্মীদের স্বাস্থ্য বীমা দেওয়া বন্ধ করে দেওয়ায় মানুষ বেশি বয়স পর্যন্ত কাজ করতে বাধ্য হচ্ছে। তবে মুনেল মনে করেন, এই প্রবণতাগুলো এখন স্থিতিশীল পর্যায়ে চলে এসেছে এবং আগামীতে অবসরের বয়স একই রকম থাকতে পারে।
এদিকে, ২০৩২ সালের মধ্যে সোশ্যাল সিকিউরিটি তহবিলের অর্থ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রিজার্ভ শেষ হয়ে গেলে সুবিধাভোগীদের ভাতা ২৮ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। এই সংকট মোকাবিলায় অবসরের পূর্ণ বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৬৮ বছর করার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। ক্রেগ কোপল্যান্ড বলেন, সোশ্যাল সিকিউরিটিকে শক্তিশালী করতে এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। আর তেমনটি হলে মার্কিন নাগরিকদের অবসরের জন্য নতুন আরেকটি "স্বাভাবিক" বয়স বিবেচনা করতে হবে।































