নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আবুধাবির ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সেন্টার (আবুধাবি মোবিলিটি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় মোট ১০ হাজার স্কুল বাস প্রস্তুত রাখা হয়েছে, যা দিয়ে প্রায় ২ লাখ ৭৯ হাজার শিক্ষার্থীকে পরিবহন করা হবে। কর্তৃপক্ষ অভিভাবকদের এই কার্যক্রমের সাথে যুক্ত থাকতে ‘সালামা প্যারেন্ট অ্যাপ’ ব্যবহারের পরামর্শ দিয়েছে।
যানজট নিরসনে আবুধাবি মোবিলিটি দ্বীপ এলাকায় পিক আওয়ারে অর্থাৎ সকাল ৬:৩০ থেকে ৯:০০টা পর্যন্ত ভারী যানবাহন ও শ্রমিকবাহী বাসের প্রবেশ নিষিদ্ধ করেছে। তবে লজিস্টিক সাপোর্ট ও পরিচ্ছন্নতা কর্মীদের গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এই বিধিনিষেধ আগামী সোমবার থেকে শুরু হয়ে ৪ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে।
স্কুল বাস পরিচালনার ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। কোনো অপারেটর বৈধ ‘স্কুল বাস ড্রাইভার’ পারমিট ছাড়া কাউকে চালক হিসেবে নিয়োগ দিতে পারবে না। এই পারমিট পাওয়ার জন্য চালককে অন্তত ২৫ বছর বয়সী হতে হবে এবং সংযুক্ত আরব আমিরাতে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স অন্তত এক বছরের পুরনো হতে হবে। এছাড়া আবেদনকারীকে আবুধাবি পুলিশের কাছ থেকে চারিত্রিক সনদপত্র বা নিজ দেশের যথাযথ সত্যায়িত সনদ জমা দিতে হবে।
চালক নিয়োগের ক্ষেত্রে আরও বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরবি বা ইংরেজি ভাষায় দক্ষতা, বাধ্যতামূলক প্রশিক্ষণ সম্পন্ন করা, পাসপোর্ট, রেসিডেন্সি পারমিট ও এমিরেটস আইডি জমা দেওয়া এবং ট্রাফিক ভায়োলেশন রেকর্ড প্রদান। এছাড়া প্রতি দুই বছর অন্তর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে, যেখানে ১৩টি নির্দিষ্ট শারীরিক ও মানসিক রোগ—যেমন হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মৃগী, কিডনি সমস্যা, হেপাটাইটিস, কুষ্ঠ, দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধকতা এবং মাদকাসক্তি না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিটি ছুটির পর পুনরায় মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক।
বাস চালকদের জন্য ১৩টি সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গন্তব্যে পৌঁছানোর পর বাসে কোনো শিক্ষার্থী যেন না থাকে তা নিশ্চিত করা, স্কুলের লিখিত অনুমতি ছাড়া নির্ধারিত স্টপেজের বাইরে শিক্ষার্থী নামানো যাবে না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার, ধূমপান বা খাওয়া-দাওয়া করা যাবে না। এছাড়া বাসের গতিসীমা প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হওয়া যাবে না এবং শিক্ষার্থী ওঠানামা বা রাস্তা পারাপারের সময় স্টপ আর্ম ও হ্যাজার্ড লাইট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্র: গালফ টুডে






























