আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই নতুন বিধিমালা সম্প্রতি ৩ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
নতুন এই বিধিমালার অধীনে নির্বাচনী প্রচারণার ধরন ও ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে। এছাড়া বিধিমালা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
নতুন আচরণবিধির অন্যতম বড় পরিবর্তনের একটি হলো পোস্টার নিষিদ্ধকরণ। এখন থেকে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন স্থানে প্রচারসামগ্রী ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে মিছিলের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী বা সমর্থক প্রকাশ্য মিছিল করতে পারবেন না। এছাড়া ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান ও ট্রেনসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে মিছিল বা শোভাযাত্রা করাও নিষিদ্ধ করা হয়েছে।


























