ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের সম্ভাব্য প্রার্থী তালিকায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তনের পর এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থীদের অদলবদল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি, যা আগামী দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হতে যাচ্ছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার ছিলেন এবং সেখান থেকেই তার প্রার্থী হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি তিনি ধানমন্ডি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে উত্তর সিটির আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আগে ঢাকা উত্তর সিটির উত্তরা এলাকার ভোটার ছিলেন। সেখান থেকে ভোটার এলাকা পরিবর্তন করে তিনি এখন ঢাকা-৮ সংসদীয় আসনের আওতাভুক্ত দক্ষিণ সিটির ভোটার হয়েছেন। এর আগে ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছিল এনসিপি। দলটির নীতিগত সিদ্ধান্তের ফলে আগের সেই অবস্থান থেকে সরে আসা হচ্ছে।
এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে আবেদন করা হয়েছিল। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন সেই আবেদন অনুমোদন করেছে।
উল্লেখ্য, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে গত ২ সেপ্টেম্বর ভোটার স্থানান্তরের জন্য ৫ দিন সময় দিয়েছিল নির্বাচন কমিশন। ভোটার এলাকা পরিবর্তন করতে আগ্রহীদের ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। এসব আবেদন আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।































