ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে সামগ্রিকভাবে আশ্রয়প্রার্থীর সংখ্যা কমে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে এই নিম্নমুখী প্রবণতার মধ্যেও ইউরোপে আশ্রয় আবেদনকারীদের তালিকায় শীর্ষ তৃতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশিরা। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইইউভুক্ত দেশগুলোর পাশাপাশি সুইজারল্যান্ড ও নরওয়েতে আন্তর্জাতিক সুরক্ষার জন্য মোট ৩ লাখ ৩২ হাজার আবেদন জমা পড়েছে। এই সংখ্যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কম এবং ২০২১ সালের পর বছরের প্রথমার্ধে সর্বনিম্ন। চলতি বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন করেছেন আফগানিস্তানের নাগরিকরা, যার সংখ্যা প্রায় ৩৯ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং এর ঠিক পরেই তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের সংখ্যা ছিল ১৭ হাজার ৩২৭টি। ২০২৬ সালের একই সময়ে তা প্রায় ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে।
তবে ইউরোপে আবেদনের সংখ্যা বাড়লেও বাংলাদেশিদের ক্ষেত্রে তা অনুমোদনের হার অত্যন্ত হতাশাজনক। ইইউএএ জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে প্রথম ধাপে বাংলাদেশিদের আবেদন অনুমোদনের হার ছিল ৫ শতাংশের নিচে। যেসব দেশের আবেদন মঞ্জুরের হার ২০ শতাংশের কম, তাদের আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে প্রত্যাখ্যাতদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাংলাদেশও এই তালিকায় রয়েছে। বর্তমানে প্রথম ধাপে প্রায় ৩৬ হাজার বাংলাদেশির আশ্রয় আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যা অপেক্ষমাণ তালিকায় বাংলাদেশকে শীর্ষ দেশগুলোর কাতারে রেখেছে।





























