চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় চিংদাও বন্দরে মেরামতকাজের জন্য নোঙর করে রাখা একটি মালবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ভেসেলফাইন্ডার নামক ট্র্যাকিং ওয়েবসাইটের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটির নাম 'ওশান মেলোডি'। চিংদাও বন্দরের বেইহাই শিপবিল্ডিং কোম্পানির ডকইয়ার্ডে এটি মেরামতের জন্য রাখা ছিল। দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে এবং আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং বেলা আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জাহাজের কর্মীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করছেন। ডকইয়ার্ডের পাশের একটি আবাসিক এলাকার এক প্রত্যক্ষদর্শী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখলেও কোনো বিস্ফোরণের শব্দ শোনেননি বা পোড়া গন্ধ পাননি।
এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে জরুরি তৎপরতা চালানোর জন্য "গুরুত্বপূর্ণ নির্দেশনা" দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়াদের দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট শি ভবিষ্যতে এ ধরনের বড় ও বিপর্যয়কর দুর্ঘটনা কঠোরভাবে রোধ করতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। উল্লেখ্য, বেইহাই শিপবিল্ডিং মূলত রাষ্ট্রীয় মালিকানাধীন 'চীন স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন'-এর একটি অংশ, যা বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান।
চীনে প্রায়শই শিথিল নিরাপত্তা ব্যবস্থার কারণে বিগত এক বছরে বেশ কয়েকটি বড় শিল্প দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত আগস্টে পূর্ব ফুজিয়ান প্রদেশের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুনে একজন উদ্ধারকর্মী নিহত এবং ১২ জন আহত হন। গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১৬৮ জনের মৃত্যুর পর দেশজুড়ে বহুতল ভবনে অগ্নিঝুঁকি বিরোধী অভিযান শুরু হয়েছিল। এ ছাড়া, গত মে মাসে মধ্য চীনে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৩৭ জন এবং জুলাইয়ে ফুজিয়ানের একটি জুতা কারখানায় আগুনে অন্তত ২৮ জন প্রাণ হারান।



























