টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান মিডটার্ম কনভেনশনে মূল বক্তব্য রাখার সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক বিক্ষোভকারীর বাধার মুখে পড়েন। বৃহস্পতিবার রাতে এই ঘটনার সময় ওই বিক্ষোভকারীকে মেক্সিকান ও ফিলিস্তিনি পতাকা নাড়াতে দেখা যায়।
বিক্ষোভকারীর প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভ্যান্স বলেন, "আমার বন্ধু, তুমি যদি মেক্সিকোকে এতই ভালোবাসো, তবে সেখানে চলে যাও। আমি তোমার জন্য বিমানের টিকিট কিনে দেব।" ভ্যান্স যখন জন্মসূত্রে নাগরিকত্বের (birthright citizenship) বিষয়টি নিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই এই ঘটনা ঘটে। রিপাবলিকান পার্টি আগামী প্রজন্মের জন্য সুযোগ বজায় রাখতে লড়াই করছে বলে তিনি দাবি করেন।
বক্তব্য থামিয়ে ভ্যান্স ওই বিক্ষোভকারীকে "দূর বামপন্থার প্রতীক" হিসেবে অভিহিত করেন। তিনি তাকে "বোকা" বলে সম্বোধন করে বলেন, তার উচিত যুক্তরাষ্ট্রের পতাকা নাড়ানো। বিক্ষোভকারীকে সভাস্থল থেকে বের করে দেওয়ার পর ভ্যান্স উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, যদিও ওই বিক্ষোভকারী বিদেশি পতাকা নেড়েছেন, কিন্তু রিপাবলিকানরা আমেরিকার পতাকা নেড়ে "আমেরিকান ড্রিম" বা স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাবে।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির প্রশংসা করে ভ্যান্স আরও বলেন, "আমাদের আজ রাতে মনে রাখতে হবে যে, এই দেশের প্রতিশ্রুতির ভিত্তি হিসেবে যে সুন্দর জীবন, তা নিশ্চিত নয়। আমাদের মনে রাখতে হবে যে একটি নিরাপদ বাড়ি, ভালো স্কুল, সুখী পরিবার এবং অতীতের চেয়ে উন্নত ভবিষ্যৎ—প্রতিটি প্রজন্মকে এই বিষয়গুলোর জন্য লড়াই করতে হয়েছে।"
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, যার মাধ্যমে অন্তত একজন বাবা বা মা মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হলে সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করা হয়। যদিও জুন মাসে সুপ্রিম কোর্ট এই আদেশকে অসাংবিধানিক ঘোষণা করে, তবে ট্রাম্প পরবর্তীতে এ বিষয়ে নতুন নির্বাহী আদেশ জারি করেন। এছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরে তিনি ও ভ্যান্স নথিবিহীন অভিবাসীদের গণ-নির্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন, যা দেশজুড়ে অভিবাসী অধিকার গোষ্ঠীগুলোর প্রতিবাদের মুখে পড়েছে।



























