২০২৬ সালের ১২ সেপ্টেম্বর (12 September 2026) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে সারের কার্যক্রম তদারকি এবং মাঠপর্যায়ে যেকোনো ধরনের অনিয়ম ও সমস্যা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে কৃষি মন্ত্রণালয়। গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মোট ২৭টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন অফিস সহায়ক দায়িত্ব পালন করছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় শিফটে এই কন্ট্রোল রুমের কার্যক্রম চলছে। পুরো কার্যক্রমটির সার্বিক তদারকির দায়িত্বে রয়েছেন সার ব্যবস্থাপনা ও উপকরণ শাখার অতিরিক্ত সচিব।
কন্ট্রোল রুমের মূল কাজের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সারের সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ করা। মাঠপর্যায়ে সার পরিবহনে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদদারি, কালোবাজারি কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে। এছাড়া কোনো এলাকায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে এই কন্ট্রোল রুম।
কৃষকদের সেবা নিশ্চিত করতে কৃষক, সার ডিলার ও পরিবহনকারীদের কাছ থেকে প্রাপ্ত যেকোনো অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কন্ট্রোল রুম। প্রতিদিনের সারের পরিস্থিতি, পাওয়া অভিযোগ ও গৃহীত ব্যবস্থা একটি নির্দিষ্ট রেজিস্টারে সংরক্ষণ করতে হবে এবং এর ওপর ভিত্তি করে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
এছাড়া গণমাধ্যম, টেলিভিশন, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সার সংক্রান্ত যেকোনো খবর বা অভিযোগের সত্যতা মাঠপর্যায়ে (জেলা, উপজেলা ও ইউনিয়ন) যোগাযোগের মাধ্যমে দ্রুত যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। টেলিফোন, মোবাইল, ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা অভিযোগগুলোও যথাযথভাবে নথিভুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিফট পরিবর্তনের সময় দায়িত্ব সঠিকভাবে হস্তান্তর নিশ্চিত করার নির্দেশনাও রয়েছে আদেশে। সারের বিষয়ে যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের ০৫০৩৫১ নম্বরে যোগাযোগ করা যাবে।



























