দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি সাংবাদিক আলী আল-সামুদির বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এই অভিযানের সময় আল-সামুদির ছেলেকে মারধর করা হয় এবং ওই সাংবাদিককে এক ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ সাংবাদিক অভিযানের সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। তিনি এই নির্দেশ মেনে চলবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
আলী আল-সামুদি এর আগে কোনো অভিযোগ ছাড়াই ইসরায়েলি প্রশাসনিক আটকাদেশে এক বছর বন্দী ছিলেন। গত ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার পর তিনি অভিযোগ করেছিলেন যে, কারাগারে তাকে ইচ্ছাকৃতভাবে খাবার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া তিনি ইসরায়েলি কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন, শারীরিক নিপীড়ন এবং মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন।
এই ঘটনার ঠিক আগের দিন বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম তীরের বেথলেহেমে অভিযান চালিয়ে ফিলিস্তিনি সাংবাদিক সাবরি মুসা জিবরিল এবং মুয়াজ আম্মারনাকে অপহরণ করে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের তথ্যমতে, কেবল আগস্ট মাসেই ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা সাংবাদিকদের ওপর ৮৪টি পৃথক লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে একজন সাংবাদিক আটক অবস্থায় মারা গেছেন এবং আরেকজন সরাসরি গুলিবর্ষণে আহত হয়েছেন। সিন্ডিকেট নিশ্চিত করেছে যে, এসব নির্যাতনের মধ্যে রয়েছে সংবাদ সংগ্রহের সময় কর্মীদের ওপর সরাসরি হামলা, কাজে বাধা দেওয়া, নির্বিচারে গ্রেপ্তার এবং সাংবাদিকতার সরঞ্জাম ধ্বংস করা।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে ব্যাপক তল্লাশি ও গ্রেপ্তারের হার বাড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলা এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংসের ঘটনাও বেড়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, বর্তমানে নয় হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন, যাদের মধ্যে ৩৭০ জন শিশু ও ৯২ জন নারী। বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করেছে যে, বন্দীরা সেখানে পদ্ধতিগত নির্যাতন, শারীরিক নিপীড়ন এবং চরম অবহেলার শিকার হচ্ছেন।





























