নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে সাড়া দিয়ে তাদের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স ইন-চার্জ শাহরিয়ার নাফীস সাংবাদিকদের জানান, নেপাল ক্রিকেট বোর্ড অনেক আগে থেকেই বাংলাদেশের সাথে খেলার আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দিয়েছিল, যা বিসিবি অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
শাহরিয়ার নাফীস বলেন, বর্তমানে বিসিবি ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। তবে বিসিবির এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অত্যন্ত ব্যস্ত থাকায় সূচি মেলানো একটি বড় চ্যালেঞ্জ। তারপরও ২০২৭ সাল পর্যন্ত বিদ্যমান সাইকেলের মধ্যে সুবিধাজনক একটি সময়ে সিরিজটি আয়োজনের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন যে বিষয়টি নিয়ে ইতিবাচক কাজ চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, বিসিবির অন্যান্য কার্যক্রম সম্পর্কে শাহরিয়ার জানান, এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি পর্ব ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। অন্যদিকে, আফগানিস্তান সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ থাকায় এশিয়ান গেমসের দলে নেই এমন খেলোয়াড়রা আজ থেকেই অনুশীলনে যোগ দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, এই ক্যাম্প সংযুক্ত আরব আমিরাতে দলের যাত্রার আগ পর্যন্ত চলবে। এরপর বাকি খেলোয়াড়রা এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) খেলবেন। সূচি অনুযায়ী ২০২৬ এবং ২০২৭ সালের পরিকল্পনাও আগেভাগেই সাজানো হয়েছে। আফগানিস্তান সিরিজের ভেন্যু সম্পর্কে তিনি জানান, যেহেতু সিরিজটি আফগানিস্তানের ঘরের মাঠে, তাই তারাই ভেন্যু চূড়ান্ত করবে। তবে সংযুক্ত আরব আমিরাতে ভেন্যুর সীমাবদ্ধতা থাকায় দুবাই, আবুধাবি অথবা শারজাহর যেকোনো একটিতে খেলা হতে পারে এবং আগামী সপ্তাহের মধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।



























