রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পৃথক ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে মিরপুর-১১ নম্বর, ১ নম্বর, মধ্যবাড্ডা ও যাত্রাবাড়ি থানার সামনে এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর ১১ নম্বরে জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি চলন্ত অবস্থায় ছিল বলে জানা গেছে, তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল এবং ভেতরে কোনো যাত্রী ছিল না। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠনের কারো সম্পৃক্ততার ধারণা করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এর পরপরই সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের আরেকটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ জানান, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও তা পুরোপুরি পোড়েনি এবং ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এছাড়া রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্যবাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে পার্কিংয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার বিপরীতে সামাদ সুপার মার্কেটের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা নিয়ে পুলিশ কাজ করছে।



























