রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১১ নম্বর জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। একই সময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকার ডেল্টা হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকা অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। বাসটির যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে এবং স্থানীয়রা পরবর্তীতে নিজ উদ্যোগে আগুন নিভিয়ে ফেলেন।
মিরপুরে বাসে আগুনের ঘটনার সময় রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এই বিস্ফোরণে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হয়েছেন। আহত বিল্লাল ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জের মো. শহিদের সন্তান। তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে শুক্রবার রাতেও ঢাকার কাফরুল থানার সামনে ও চিটাগাং রোডে বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এসব আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়সহ অন্তত ১০ থেকে ১২টি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনার প্রেক্ষিতে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




























