রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিনগত রাত ১টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে ন্যাম ভবনের ওই ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনার পরপরই শেরেবাংলা নগর থানা পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিশ্চিত হয় যে ফ্ল্যাটটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে চলতি বছরের জুলাই মাসে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলটির মধ্যে অস্থিরতা তৈরি হয়। সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয় যে ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। পরবর্তীতে এমপি নজরুলের ফেসবুক পোস্টের মাধ্যমে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিলে ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠায় দলটি।






























