রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে বসে থাকা মেহেদী হাসানকে সরাসরি চাপা দেয়। এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে গাড়িতে থাকা এক কিশোরকে আটক করেন এবং পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ প্রাইভেট কারটিও জব্দ করেছে।
তদন্তকারী কর্মকর্তা আরও জানান, গাড়িটি যে কিশোরের পরিবারের, সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তার ছেলে। ঘটনার সময় গাড়িটি একজন চালক চালাচ্ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর গাড়ির চালকের আসন থেকে কালো টি-শার্ট পরিহিত ওই কিশোর এবং অপর পাশ থেকে শার্ট পরিহিত এক মধ্যবয়সী ব্যক্তি নেমে আসেন।
নিহত মেহেদী হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।



























