নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, "আমরা অবিলম্বে উপযুক্ত স্থানগুলোতে একটি বড় ধরনের সামরিক উপস্থিতি গড়ে তোলার প্রক্রিয়া শুরু করব।" এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চলে দুটি নতুন 'প্রতিরক্ষা এলাকা' (Defence Area) স্থাপন করার অনুমতি পাবে মার্কিন বাহিনী।
চুক্তি অনুযায়ী, গ্রিনল্যান্ডের দক্ষিণে অবস্থিত নার্সারসুয়াক (Narsarsuaq) এবং পূর্বে অবস্থিত মেস্টারসভিগ (Mestersvig)-এ এই ঘাঁটিগুলো তৈরি করা হবে। ডেনিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গভীর সমুদ্র বন্দর এবং একটি বড় রানওয়ে থাকা নার্সারসুয়াক এলাকাটি গত সপ্তাহে মার্কিন সামরিক প্রকৌশলীরা জরিপ করেছেন। অন্যদিকে, প্রত্যন্ত ও অনুন্নত মেস্টারসভিগ ঘাঁটিটি বর্তমানে ডেনিশ নৌবাহিনীর একটি কুকুর-টানা স্লেজ ইউনিট ব্যবহার করে থাকে।
নতুন এই চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, ন্যাটো (NATO) সদস্য নয় এমন কোনো রাষ্ট্র গ্রিনল্যান্ডে নিজস্ব মানববাহী বা মানববিহীন সামরিক স্থাপনা তৈরি করতে পারবে না এবং সেখানে তাদের কোনো স্থায়ী সামরিক উপস্থিতি বজায় রাখার অনুমতি দেওয়া হবে না। স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, "আমাদের মধ্যে একটি চমৎকার ও নিরাপদ সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। এটি ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং সবার জন্য দারুণ একটি বিষয় এবং গ্রিনল্যান্ডের জন্য এটি অবিশ্বাস্য হতে চলেছে।"
চুক্তির বিষয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, এই চুক্তিটি ডেনমার্কের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানায়। গ্রিনল্যান্ডের প্রতিনিধি জেনস-ফ্রেডেরিক নিলসেন (Jens-Frederik Nielsen) বলেন, "গ্রিনল্যান্ডের জন্য এটি কেবল আমাদের নিয়ে কোনো চুক্তি নয়, এটি আমাদের সাথে করা একটি চুক্তি। এতে গ্রিনল্যান্ডের মানুষ, আমাদের অধিকার, আমাদের জীবিকা এবং আমাদের দেশের উন্নয়নের বিষয়টি বিবেচনা করা হয়েছে।" তিনি আরও যোগ করেন যে উত্তর আমেরিকার নিরাপত্তা এবং ট্রান্সআটলান্টিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে উত্তর আটলান্টিকে ন্যান্টোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চুক্তিতে এটিও নিশ্চিত করা হয়েছে যে, গ্রিনল্যান্ড যদি ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করে, তবুও তারা ন্যাটোর অংশ হিসেবেই থাকবে।
এর আগে ১৯৫১ সালের একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে ইচ্ছামতো সেনা পাঠাতে পারত। বর্তমানে গ্রিনল্যান্ডের পিটুফিক (Pituffik) ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ১০০ জনেরও বেশি সামরিক কর্মী স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। তবে ট্রাম্প দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ড ক্রয় বা সংযুক্ত করার চেষ্টা করছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে, রাশিয়া ও চীনের মতো প্রতিপক্ষদের কাছে এই অঞ্চলটি ঝুঁকিপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছিলেন যে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য একটি অত্যাধুনিক "গোল্ডেন ডোম" প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এই আর্কটিক দ্বীপটি অত্যন্ত জরুরি। এছাড়া, এই দ্বীপে রয়েছে বিরল খনিজ সম্পদের বিশাল ও অব্যবহৃত ভাণ্ডার, যা মোবাইল ফোন এবং বৈদ্যুতিক যানবাহনের মতো প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির কারণে গ্রিনল্যান্ডবাসী, ডেনিশ নাগরিক এবং ইউরোপীয় নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তারা যৌথ বিবৃতিতে বলেছিলেন যে, ট্রাম্পের এমন বক্তব্য "ট্রান্সআটলান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে এবং একটি বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।"





























