ফ্রান্সে ক্যাথলিক গির্জার যাজক ও প্রতিনিধিদের দ্বারা দশকের পর দশক ধরে চলা যৌন নিপীড়নের শিকার প্রায় ২ হাজার মানুষ ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। দেশটির একটি স্বাধীন তদন্ত ও ক্ষতিপূরণ প্রদানকারী সংস্থা তাদের পাঁচ বছরের কার্যক্রমের সমাপ্তি টানার প্রাক্কালে মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে।
'ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল অথরিটি ফর রিকগনিশন অ্যান্ড রেপারেশন' (INIRR) নামের এই সংস্থাটি জানিয়েছে, তাদের কাজ শুধু আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ভুক্তভোগীদের মানসিক ও মনস্তাত্ত্বিক সহায়তা প্রদানও এর অন্তর্ভুক্ত ছিল।
এই প্রতিবেদনটি এমন এক সময়ে সামনে এলো যখন আগামী শুক্রবার থেকে পোপ লিও চতুর্দশ চার দিনের সফরে ফ্রান্সে আসছেন। সফরকালে তিনি যাজক ও গির্জার অন্যান্য কর্মীদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়া সাতজন ভুক্তভোগীর সঙ্গে গোপনে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
আইএনআইআরআর তাদের কার্যক্রমের পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, এ পর্যন্ত গির্জার পক্ষ থেকে আর্থিক বা অন্যান্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ১,১৮৪টিরও বেশি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও শত শত আবেদন এখনও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। চলতি বছরেই নতুন করে ১৮৩ জন ভুক্তভোগী এই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন।
পূর্বনির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় গত ৩১ আগস্ট থেকে নতুন আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে সংস্থাটি। তবে আগামী বছরের শেষ পর্যন্ত তারা ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে। পরবর্তীতে এই সংস্থার জায়গায় একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠন করা হবে, যা গির্জার অভ্যন্তরে যৌন সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের দীর্ঘমেয়াদি নির্দেশনা, পুনরুদ্ধারমূলক বিচার এবং পুনর্বাসনে কাজ করবে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীরা একটি "স্বীকৃতিপত্র" পান, যা আনুষ্ঠানিকভাবে তাদের ওপর হওয়া যৌন নির্যাতনের সত্যতা স্বীকার করে এবং আর্থিক ক্ষতিপূরণের বিস্তারিত বিবরণ তুলে ধরে।
শৈশবে এক ক্যাথলিক নেতার দ্বারা নির্যাতিত হওয়া ৩৪ বছর বয়সী সিসিল রেনোম এমন একটি স্বীকৃতিপত্র পেয়েছেন। তিনি বলেন, "এই চিঠিটি আমার জন্য একটি বড় ধাক্কার মতো ছিল। আমি খুব সামান্য আর্থিক ক্ষতিপূরণ আশা করেছিলাম। কিন্তু চিঠিটি পড়ার পর দেখলাম সেখানে লেখা ছিল: 'গির্জা এই সুনির্দিষ্ট ব্যর্থতাগুলো স্বীকার করছে'। এর অর্থ হলো, শৈশবে যে ছোট মেয়েটি মুখ খুলতে পারেনি, অবশেষে তার কথা বিশ্বাস করা হয়েছে। এটি আমার শৈশবের যন্ত্রণাকে স্বীকৃতি ও মর্যাদা দিয়েছে।"
তহবিলটি মূলত গির্জার অর্থায়নে পরিচালিত একটি বিশেষ তহবিল থেকে পরিশোধ করা হয়। নির্যাতনের শিকার হওয়া ভুক্তভোগীদের গড়ে ৩৬,৮৯২ ইউরো (প্রায় ৪২,১৮৬ ডলার) করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
নির্যাতনের শিকার হওয়া ৫৫ বছর বয়সী এরিক (যিনি তার পারিবারিক নাম প্রকাশ করতে চাননি) ক্ষতিপূরণের পরিমাণ জানার পর তার অনুভূতির কথা জানান। ৮ থেকে ১৪ বছর বয়সের মধ্যে এক যাজকের হাতে ধর্ষিত হওয়া এরিক বলেন, "আমার প্রথম প্রতিক্রিয়া ছিল খুবই তীব্র। আমার মনে ক্ষোভ ও অবিশ্বাস কাজ করছিল। আমি কি আসলেই এই মূল্যের যোগ্য? তবে পরে আমি বুঝতে পেরেছি যে, আমার মূল্যায়ন করা হচ্ছিল না বা আমার কষ্টের কোনো দাম ধরা হচ্ছিল না। কারণ শৈশবের কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নয়।" এই ক্ষতিপূরণ মূলত ভুক্তভোগীদের মানসিক ক্ষত নিরাময় প্রক্রিয়ায় আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে দেওয়া হয়।
গত বছর যারা এই সংস্থার কাছে আবেদন করেছিলেন তাদের গড় বয়স ছিল ৫৬ বছর। এর মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ এবং এক-তৃতীয়াংশ নারী ছিলেন।
তাদেরই একজন ফিলিপ গোমেস। ২০২৩ সালে ৪৯ বছর বয়সে থেরাপিউটিক হিপনোসিসের মাধ্যমে তিনি শৈশবের সেই ট্রমা বা যন্ত্রণাদায়ক স্মৃতি ফিরে পান, যেখানে ৭ থেকে ১২ বছর বয়সের মধ্যে দুই যাজক তাকে যৌন নির্যাতন করেছিলেন। ভুক্তভোগীরা তীব্র মানসিক আঘাতের কারণে অনেক সময় আংশিক বা সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। গোমেস বলেন, "আমি যখন আইএনআইআরআর-এর সঙ্গে যোগাযোগ করি, তখন প্রথম যে কথাটি তারা আমাকে বলেছিল তা হলো, 'আমরা আপনাকে বিশ্বাস করি'। এটি আমার জন্য এক বিশাল স্বস্তি ছিল।" বর্তমানে থেরাপির মাধ্যমে তিনি না কেঁদেই সেই যন্ত্রণার কথা বলতে পারেন। তিনি বলেন, "আমি লজ্জিত নই, কারণ লজ্জা আমার পাওয়ার কথা নয়।"
আর্থিক সহায়তার পাশাপাশি ভুক্তভোগীদের জন্য অ-আর্থিক সহায়তারও ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে ভুক্তভোগীদের নিজেদের গল্প লিখে রাখতে সাহায্য করা, স্থানীয় গির্জার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আয়োজন করা অথবা নিহত বা ক্ষতিগ্রস্তদের স্মরণে স্মৃতিফলক স্থাপন করা।




























