বলিউড অভিনেত্রী রানি মুখার্জি তার মা কৃষ্ণা মুখার্জিকে হারিয়েছেন। মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে তিনি পরপারে পাড়ি জমান। প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই শোক সংবাদ নিশ্চিত করেছে। এই কঠিন সময়ে মুখার্জি পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে পরিবারটি জানিয়েছে, রানি মুখার্জির মায়ের প্রয়াণে তারা সবার ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।
কৃষ্ণা মুখার্জি নিজে একজন শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষিত শিল্পী ছিলেন এবং অতীতে কয়েকটি সিনেমায় গানে কণ্ঠও দিয়েছেন। তার স্বামী, চলচ্চিত্র পরিচালক রাম মুখার্জি ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। মুম্বাইয়ে মুখার্জি পরিবারের বিভিন্ন সামাজিক আয়োজনে কৃষ্ণা মুখার্জির সরব উপস্থিতি ছিল নিয়মিত। বিশেষ করে পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপূজায় তাকে সবসময় দেখা যেত।
মা ও মেয়ের সম্পর্কের গভীরতা নিয়ে রানি মুখার্জি বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে কথা বলেছেন। রানির প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের ক্ষেত্রে তার বাবার বন্ধু ও প্রযোজক সেলিম আখতারের মাধ্যমে সুযোগ এলেও, সিদ্ধান্তটি নেওয়ার পেছনে মায়ের পরামর্শ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রানি বলেছিলেন, তার মা মনে করতেন তিনি ভালো কাজ করলে তা পুরো পরিবারের জন্য মঙ্গলজনক হবে।
পরবর্তী সময়ে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের সময়ও রানি তার মায়ের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন। একজন মায়ের সন্তানদের ফিরে পাওয়ার লড়াইয়ের গল্পে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন। মাকে স্মরণ করে রানি বলেছিলেন, তিনি একজন আপাদমস্তক বাঙালি মানুষ, যিনি নিজ হাতে সন্তানদের খাইয়ে দিতেন এবং কপালে টিপ পরিয়ে দিতেন। রানি তার মায়ের কাছ থেকেই জীবনের শক্তি ও অনুপ্রেরণা পাওয়ার কথা অকপটে স্বীকার করেছেন।
রানি মুখার্জিকে চলতি বছর ‘মর্দানি ৩’ সিনেমায় দেখা গেছে। এছাড়া আগামী ডিসেম্বরে তার নতুন সিনেমা ‘কিং’ মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনের মতো তারকারা অভিনয় করেছেন।





























