জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক না করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রুল জারি করেছেন। কেন প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিধান করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
আইনজীবী ইসরাত জাহান অমি এই রিট আবেদনটি দায়ের করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে দাবি জানানো হয়েছে যে, নির্বাচনে মাদকাসক্ত ব্যক্তিদের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচনি বিধিমালা সংশোধন করা প্রয়োজন। এ জন্য প্রার্থীদের সরকারি হাসপাতাল অথবা স্বীকৃত ল্যাবরেটরি থেকে ডোপ টেস্ট সম্পন্ন করা বাধ্যতামূলক করার দাবি তোলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন আইনজীবী অমি। তিনি বলেন, বর্তমানে প্রচলিত নির্বাচনি আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে কোনো সুনির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরিতে নিয়োগ এবং পুলিশ সদস্যদের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য কিংবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি—যাঁরাই জনগণের প্রতিনিধিত্ব করবেন, তাঁদের মাদকমুক্ত ও সুস্থ মানসিকতার হওয়া অত্যন্ত জরুরি। তাই নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট নিশ্চিত করতে নির্বাচনি বিধিমালা সংশোধন করা এখন সময়ের দাবি।





























