রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার সকালে এই অভিযানের একপর্যায়ে ক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীরা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার পর এলাকায় পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান চলাকালে ব্যবসায়ীরা সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হকাররা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের ওপর হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে।
































