জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য ও লেনদেনের বিবরণ তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বিএফআইইউর পক্ষ থেকে বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের কেওয়াইসি (গ্রাহকের পরিচিত সংক্রান্ত তথ্য), হিসাব খোলার ফরম (এওএফ) এবং বিস্তারিত হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে হবে। একইসঙ্গে, বিএফআইইউর সরবরাহ করা এক্সেল ফাইলে তার হিসাব সংক্রান্ত সব তথ্য, প্রতিটি চিহ্নিত হিসাবের সুদ আয় এবং উৎসে কর (টিডিএস) সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠানোর জন্য বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে হবে। বিএফআইইউর পরিপত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, এই তথ্যের গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি, বেসরকারি এবং বিদেশি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর তিনি শুরুতে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুললেও পরে তা অস্বীকার করেন। তার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেছিলেন যে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।































