পঞ্চগড় জেলা কারাগারে দায়িত্ব পালনকালে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। তার বিরুদ্ধে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আব্দুল ফাত্তাহ ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারে জেলার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কারাগারের আর্থিক নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম ধরা পড়লে কারা অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সরেজমিনে তদন্ত শেষে কমিটি জানায়, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ ও ‘শুভ স-মিল’ নামের তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি ভুয়া বিল পাস করিয়ে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে জেল সুপার, জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং কারারক্ষী মো. জাফর মাহমুদ শাকিলের যোগসাজশের বিষয়টি উঠে আসে। অভিযোগ রয়েছে, জেল সুপারকে পাশ কাটিয়ে কারারক্ষী জাফর মাহমুদ শাকিলকে দিয়ে বিল প্রস্তুত করে তা হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হতো। এছাড়া বন্দীর সংখ্যা কম থাকা সত্ত্বেও খোরাকি রেশন খাতে অতিরিক্ত অর্থ নেওয়ার চেষ্টা করা হয়েছিল।
আত্মসাৎ করা অর্থের মধ্যে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা ৯টি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের পঞ্চগড় শাখায় জমা দেওয়া হয়েছে, যার মধ্যে আব্দুল ফাত্তাহ নিজে ৪০ লাখ টাকা জমা দিয়েছিলেন। কারা অধিদপ্তরের অনুরোধে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। কারণ দর্শানোর নোটিশের পর ২০২৬ সালের ৭ জানুয়ারি তার ব্যক্তিগত শুনানি নেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সম্মতিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।




























