ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেছেন যে, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং বাড়ি থেকে ‘অপহরণ’ করা হয়েছিল। দিল্লিতে আটকের পর মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই গুরুতর অভিযোগ তুলে ধরেন।
ধ্রুব রাঠির ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর সকাল ৭টার দিকে তিনি নিজের শোবার ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় সাধারণ পোশাকে প্রায় ২০ জন ব্যক্তি তার বাড়িতে ঢুকে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। রাঠির দাবি, বাড়ির বাইরে তখন ৫০ জনেরও বেশি লোক অবস্থান করছিলেন। তাকে নিয়ে যাওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের পরিচয় দেননি, গ্রেপ্তারের কারণ জানাননি কিংবা কোনো আইনি ধারার কথাও উল্লেখ করেননি। এমনকি স্যান্ডেল পরার সুযোগ না দিয়েই তাকে গাড়িতে তুলে নেওয়া হয় বলে তিনি জানান।
এই ইউটিউবার আরও জানান, তাকে একাধিক থানায় নেওয়া হয়েছিল এবং এ সময় তার নিজের ও তার বাবা-মায়ের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। থানায় আইনজীবীর সঙ্গে দেখা করতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। প্রায় ২২ থেকে ২৩ ঘণ্টা তাকে আটকে রাখা হয়েছিল বলে রাঠি দাবি করেন।
ভিডিওতে নিজের ভারতীয় পাসপোর্ট দেখিয়ে ধ্রুব রাঠি বলেন, আমি ভারতের নাগরিক এবং ভবিষ্যতেও থাকব। তিনি স্পষ্ট করেন যে, তাকে আটক করার পেছনে বিদেশি পাসপোর্টের যে বিষয়টি কিছু সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি কোনো আইন ভঙ্গ করেননি দাবি করে বলেন, দেশের স্বার্থে সত্য কথা বলা এবং উন্নত নির্বাচন কমিশনের দাবি তোলার কারণেই তাকে হয়রানি করা হয়েছে।
নিজের এই আটকের ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে ধ্রুব রাঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ভারতে কার্যত ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে। রাঠির দাবি, কেবল তাকেই নয়, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপ, সৌরভ দাস ও আশুতোষ রানকাসহ অনেক রাজনৈতিক নেতা ও বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল।
তিনি জানান, মুক্তির পরও বাড়ির আশপাশে লোকজন নজরদারি করছে, যার ফলে তিনি স্বাভাবিকভাবে বের হতে পারছেন না এবং পরিস্থিতির শিকার হয়ে কার্যত ‘অনানুষ্ঠানিক গৃহবন্দিত্ব’-এ রয়েছেন। তবে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না। ভিডিওর শেষ দিকে তিনি জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকসহ তার সমর্থকদের ধন্যবাদ জানান এবং দেশের স্বার্থে ভবিষ্যতেও নিজের বক্তব্য তুলে ধরার অঙ্গীকার করেন।
উল্লেখ্য যে, ১০ অক্টোবর দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তা ও আটক অভিযান চলে। ভোটার তালিকা সংশোধনে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়, যা বিজেপি ও নির্বাচন কমিশন অস্বীকার করেছে।




























