১৯৯৯ সালে এরশাদ শিকদার গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন শান্ত ছিল খুলনা। সেই শহর এখন খুনাখুনির কারণে এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। গেল ৯ মাসে এই নগরীতে ৬৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খুলনা মহানগরী ও জেলায় নয় মাসে ৬৬টি হত্যাকাণ্ডের মধ্যে নগরীতে ৩৩টি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিনদুপুরে প্রতিপক্ষকে বীভৎসভাবে কোপানোর মতো ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক যে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশ সুপারকেও রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে।
নগরীর মিস্ত্রিপাড়া বাজারের রিকশাচালক ইসমাইল হোসেন বলেন, কয়েকদিন আগে রাত ১টার দিকে নিরালার মোড়ে ছিনতাইকারীর কবলে পড়ি। রাতে যা কামাই করেছিলাম, সব নিয়ে গেছে। ৩৬ বছর রিকশা চালাই। রিকশাচালকের কাছ থেকে ছিনতাই হয়েছে শুনিনি কখনো। গত সপ্তাহে দুইজন সরকারি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মানুষ আরও আতঙ্কিত বোধ করছে। বুধবার ভয়ের পরিবেশের মধ্যেই ২১ সেপ্টেম্বর খানজাহান আলী রোডের এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল হাকিমকে ফোন করে গ্রেনেড বাবুর লোক পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, বেপরোয়া গ্রেনেড বাবু গ্রুপ বি কোম্পানি নামে একটি বাহিনী গড়ে তুলেছে। তারা উঠতি বয়সি যুবকদের টার্গেট করে মাদকের কাজে ব্যবহার করছে, যেখানে সর্বোচ্চ বেতন ৩০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৭ হাজার টাকা ধার্য করা হয়েছে। এর আগে চব্বিশের গণ-অভ্যুত্থানপরবর্তী দেড় বছরে ৯১টি অপরাধমূলক অভিযোগের রেকর্ড রয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্য ও কিশোর গ্যাংয়ের উৎপাত খুলনাকে অস্থির করে তুলেছে। মাদক চোরাচালান, নীরব চাঁদাবাজি এবং মহল্লাভিত্তিক সন্ত্রাসী সংগঠনের উত্থান নগরবাসীকে জিম্মি করে ফেলেছে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনার জেলা সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, শান্তির শহর খুলনায় মানুষ এখন আর শান্তিতে নেই। তিনি জানান, শিক্ষক, চিকিৎসক, পুলিশ ও সাধারণ মানুষ—সবার মধ্যেই এক ধরনের অস্থিরতা কাজ করছে। মানুষের কথার আগেই এখন গুলি চলছে। এ অবস্থা থেকে উত্তরণে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে তিনি মনে করেন।
সম্প্রতি সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। গত বুধবার দুপুরে খুলনা সদর সাবরেজিস্ট্রার তন্ময় কুমারকে তার কার্যালয় থেকে তিন যুবক জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। অপহরণকারীদের মধ্যে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও গ্রেনেড বাবুর টিমের প্রভাবশালী সদস্য লোহাপট্টির কসাই লিটনকে দেখা গেছে। ঘটনার পর সাবরেজিস্ট্রার তন্ময় কুমার কোনো অভিযোগ করেননি এবং এ বিষয়ে কথা বলতেও অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে রূপসা থানার এক পুলিশ সদস্য শাহ আলম ডিউটি থেকে ফেরার পথে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে গুরুতর জখম হন, যিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন।
শহরের অপরাধ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে পুলিশ জানায়, রূপসা, বটিয়াঘাটা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলাকে এখন 'ডেঞ্জার জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ৯ মাসে রূপসায় ১১টি, তেরখাদায় ২টি, দিঘলিয়ায় ৪টি ও বটিয়াঘাটায় ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সম্প্রতি সদর থানার কাশেমনগর এলাকায় আশিকুজ্জামান জনি নামে এক যুবককে গুলি করে জখম করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন খুলনা থানার ওসি লোকমান হোসেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এম শাকিলুজ্জামান জানান, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়লেও বর্তমানে তা কমতির দিকে। তিনি দাবি করেন, ৯০ শতাংশ হত্যা মামলার সমাধান করা হয়েছে, তবে মানুষের সচেতনতার অভাব এবং সন্ত্রাসীদের প্রযুক্তিগত ব্যবহারের কারণে কিছু ক্ষেত্রে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ বলেন, রাজনৈতিক অস্থিরতার প্রভাব আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পড়ছে। অপরাধীদের ছাড় না দিয়ে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬-এর কমান্ডার নিস্তার আহমেদ জানান, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ বেড়েছে এবং তারা সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করছেন। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু, পলাশ, হুমা, আশিক, নূর আজিমসহ বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। এসব গ্রুপ উঠতি বয়সি যুবকদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।




























