ক্রিকেট থেকে নিজের নেওয়া স্বেচ্ছা বিরতি কাটিয়ে আবারও জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক জাহানারা আলম। ক্যারিয়ার শেষ করার আগে মাঠ থেকেই অবসরে যেতে চান তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বোর্ড বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
জাহানারা সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর মানসিক অবসাদের কথা জানিয়ে তিনি ক্রিকেট থেকে বিরতি নেন এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেই থেকে তিনি জাতীয় দলের সেটআপ কিংবা ঘরোয়া কোনো প্রতিযোগিতার সাথে যুক্ত ছিলেন না। অস্ট্রেলিয়ায় থাকাকালীন বিসিবির নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বিতর্কে জড়িয়ে পড়েন জাহানারা। এছাড়াও তিনি অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন, যা দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে নিগার সুলতানা এক সাক্ষাৎকারে তার নেতৃত্ব দেওয়ার ধরন এবং অভিযোগগুলোর বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
বর্তমানে জাহানারা আন্তর্জাতিক ও ঘরোয়া উভয় পর্যায়েই ক্রিকেটে ফিরতে আগ্রহী। এ বিষয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, 'হ্যাঁ, তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং খেলার আগ্রহ প্রকাশ করেছেন।' বিসিবি কর্মকর্তা আরও যোগ করেন, 'তিনি বলেছেন, আমি জাতীয় দলে খেলে অবসর নিতে চাই এবং সেই কারণেই আমি নিজেকে ফিট রেখেছি।' দলে কোনো প্রকার গ্রুপিংয়ে বিশ্বাস নেই উল্লেখ করে রফিকুল বলেন, 'অনেকের সাথে অনেকের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এসব একেবারেই অগ্রহণযোগ্য।'




























