তুরস্কের জ্বালানি খাতের ইতিহাসে নতুন এক অধ্যায় উন্মোচিত হলো। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে, 'ওসমান গাজী' নামক একটি ভাসমান উৎপাদন কেন্দ্রকে কৃষ্ণসাগরের কর্মস্থলে পাঠানো হয়েছে। একে তুরস্কের 'ব্লু হোমল্যান্ড' বা সমুদ্রসীমা বিষয়ক উদ্যোগের প্রথম শিল্প কারখানা হিসেবে অভিহিত করেছেন তিনি।
ফিলেওস বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসলান বাইরাকতার জানান, ওসমান গাজী মূলত তুরস্কের প্রথম ভাসমান প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। এটি ২১টি ভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত, যা সাকারিয়া গ্যাস ফিল্ডের কূপ থেকে উত্তোলন করা প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত করে সমুদ্রতলের পাইপলাইনের মাধ্যমে ফিলেওসে পৌঁছে দেবে।
প্রেসিডেন্ট এরদোয়ান জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষ্ণসাগরে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের পরিমাণ প্রতিদিন ২০ মিলিয়ন ঘনমিটারে উন্নীত হবে। তিনি আরও বলেন, ২০২৭ সাল থেকে তুরস্কের প্রতি তিনটি পরিবারের মধ্যে অন্তত একটিতে এই দেশীয় প্রাকৃতিক গ্যাস ব্যবহার নিশ্চিত করা হবে।
মন্ত্রী আলপারসলান বাইরাকতার জানান, তাদের লক্ষ্য হলো চলতি বছরের শেষ হওয়ার আগেই ওসমান গাজীর ফ্লেয়ার টাওয়ারে সাকারিয়া গ্যাস ফিল্ডের আগুনের শিখা জ্বালানো।




























