কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থানের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে যে আলোচনা শোনা যাচ্ছে, সেটির প্রেক্ষিতে সরকার পদক্ষেপ নিয়েছে। তাকে ফেরত পাওয়ার জন্য বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে ইতোমধ্যে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতের ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চলে আসছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।
সালাহউদ্দিন আহমদ দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশে কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। যারা গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিককে হত্যার সঙ্গে জড়িত, তাদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।




























