২০২৭ শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি, কিন্তু পাঠ্যবই নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা। পাঠ্যপুস্তকে রাজনৈতিক প্রতীক ব্যবহারের বিতর্ক এবং তা সংশোধন ও পুনর্মুদ্রণের প্রক্রিয়ায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই ঘটনায় প্রায় ২০ লাখ বিতরণ করা বই ফেরত আসছে, যা সংশোধন করে পুনরায় বিতরণ করা হবে। এই প্রক্রিয়ায় সরকারের অতিরিক্ত প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হচ্ছে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি ব্যবহার। এ ছাড়া প্রাথমিক স্তরের বাংলা, ইংরেজি ও বিজ্ঞান বইয়ে ‘নৌকা’র ছবি ব্যবহার নিয়েও ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রথম থেকে তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে মোট ৮২টি নৌকার ছবি রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির বইয়ে ৩৪টি, দ্বিতীয় শ্রেণিতে ২৩টি এবং তৃতীয় শ্রেণিতে ২৫টি ছবি ব্যবহার করা হয়েছে। আপত্তি উঠলেও এসব ছবি ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বইয়েও ছিল বলে জানা গেছে।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে সোমবার এনসিটিবির ৯ জন বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯শে অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওইদিন অপরাহ্নে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এর আগে রোববার ষষ্ঠ শ্রেণির আইসিটি বই সম্পাদনার দায়িত্বে থাকা গবেষণা কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল জোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে বদলি করা হয়েছিল।
এদিকে এনসিটিবির একাধিক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন যে, প্রাথমিক স্তরের বাংলা বইয়ে নৌকার ছবি ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিশেষজ্ঞের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা বলছেন, বিতর্কিত ছবিগুলোর পেছনে দায়ী অনেক দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞকে বদলির আওতায় আনা হয়নি। এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, বদলির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখছে এবং এতে তার কোনো হাত নেই। কেন এই কর্মকর্তাদের বদলি করা হয়েছে সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান।






























