ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের আকাশপথে চরম বিপর্যয় দেখা দিয়েছে। হামলার আশঙ্কায় রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটের একটি বড় অংশ বাতিল করতে হয়। বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ‘সিরিয়াম’-এর বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সিরিয়ামের প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, গত ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪ হাজার ৭১টি ফ্লাইটই বাতিল করা হয়েছে। অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ে বিমানবন্দরটির মোট ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশ চলাচল করেনি। ক্রমাগত হামলার কারণে রিয়াদের আকাশ একপ্রকার ফাঁকা হয়ে পড়েছিল। তবে সাময়িক অচলাবস্থার পর সম্প্রতি বিমানবন্দরটিতে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
চলতি মাসে সৌদি আরবে নিজেদের আক্রমণ বহুলাংশে জোরদার করেছে হুতি বিদ্রোহীরা। বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং বিভিন্ন তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। জেদ্দা বিমানবন্দরের পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর হলো দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। চলতি মাসেই কয়েক দফায় বিমানবন্দরটিতে আঘাত হানে বিদ্রোহীরা।
বিশেষ করে গত ১০ অক্টোবর ওই বিমানবন্দরে চালানো এক হামলায় ১৩ জন নিহত হন। বিগত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবের ভূখণ্ডে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।





























