মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশ—পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন। যদিও সোমবার তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো পক্ষ থেকেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বৈঠক চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিভেদের পরিবর্তে নিজেদের সাদৃশ্য ও অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। তিনি মনে করেন, এই কৌশলে আঞ্চলিক সমস্যার সমাধান আরও কার্যকরভাবে সম্ভব।
বৈঠকটিতে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। অন্যদিকে, মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধি দলের মধ্যে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাসহ চার দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। বৈঠক শেষ হওয়ার পরপরই সোমবার রাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান মস্কোর উদ্দেশে তেহরান ছাড়েন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পেজেশকিয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাক্ষাতের কথা রয়েছে।
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০: ০৪আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০০: ০৫





























