ঢাকাসহ পুরো বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, টোকিওর রাস্তাঘাটে কোনো ময়লা-আবর্জনা দেখা যায় না, অথচ আমাদের ঢাকা শহরের চারদিকে আবর্জনা জমে থাকে। এই পরিস্থিতির পরিবর্তন অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, আবর্জনা থেকে জীবাণু ছড়ায়, তাই ঢাকাবাসীকে সুস্থ রাখতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য অপসারণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, রাস্তায় আবর্জনার কারণে চলাচলের ভোগান্তি এবং দূষিত বাতাসের কারণে মানুষের অসুস্থতা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আমরা যদি টোকিওর মতো করে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে পারি, তবে সেটি হবে বড় একটি সংস্কার।
সংস্কারের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমি সেই সংস্কারকেই বুঝি, যার সুবিধা দেশের প্রান্তিক মানুষটিও পায়। সরকার এমন সব সংস্কার বাস্তবায়ন করতে চায়, যাতে খেটে খাওয়া মানুষ সরাসরি উপকৃত হয়। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের সুফল যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, এসব সংস্কার বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের গণতন্ত্রমনা মানুষের সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের উপকারে আসবে এমন সংস্কার কার্যক্রম বিএনপি সরকার যাতে বাস্তবায়ন করতে না পারে, সেজন্য একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন প্রধানমন্ত্রী।




























