আগামী শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এদিন বেলা ১১টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। এর আগে এই অনুষ্ঠানটি সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল, তবে পরে তা পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এক সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া অনলাইনে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাওয়ার সুযোগ রয়েছে। এর জন্য HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।






























