সাতক্ষীরার শ্যামনগরে ৬৯ নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বংশীপুর বাজারে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা জানান, বিদ্যালয়ের বর্তমান ভবনটি টিনশেড হওয়ায় বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে এবং প্রচণ্ড গরমের সময় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। এই সমস্যার সমাধানে নতুন ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ পাওয়া গেছে এবং ভবন নির্মাণের লক্ষ্যে স্কুলের টয়লেটও ভেঙে ফেলা হয়েছে। তবে স্কুলের সীমানার ভেতর এক ব্যবসায়ীর অবৈধ দোকান ঘর থাকায় জায়গা সংকুলান হচ্ছে না, ফলে বরাদ্দকৃত ভবন নির্মাণের কাজ অনিশ্চিত হয়ে পড়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, জার্মানির 'ক্রিম' প্রকল্পের আওতায় এই ভবনটি বরাদ্দ হয়েছে। অবৈধ স্থাপনাটি দ্রুত অপসারণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। প্রধান শিক্ষক মদনমোহন মিস্ত্রির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাতিমাতুজ জোহরা শম্পা, অভিভাবক মিসেস বন্যা এবং কমিটির সদস্য মেহেদী হাসান প্রমুখ।
অভিযুক্ত ব্যবসায়ী দাবি করেন, তিনি ৩১ বছর ধরে ওই জায়গায় দোকান পরিচালনা করছেন। তিনি জানান, ২০০৭ সালে জেলা পরিষদ থেকে এই জায়গার কাগজ তিনি নিজের নামে করে নিয়েছেন। তবে তিনি এও বলেন, যদি এটি স্কুলের জায়গা হয়, তবে তিনি তা ছেড়ে দেবেন।






























